তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কোনো বক্তব্য আসলে বোঝা মুশকিল। বিএনপির একেক নেতা একেক ধরনের কথা বলে। জনগণকে জিম্মি করা তাদের রাজনীতি। জনগণকে ‘পুড়িয়ে মারা’ তাদের রাজনীতি। সেই কারণে তারা নানাভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগদান করতে এসে নওগাঁ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ২০১৮ সালে নির্বাচনের আগেও বিএনপি ডান ও বামপন্থীসহ বিভিন্ন দলকে নিয়ে একটি জোট গঠন করতে চেয়েছিল এবং গঠনও করেছিল। কিন্তু সেই জোটের ফলাফল হচ্ছে নির্বাচনে মাত্র পাঁচটি আসন। এবারও তারা চেষ্টা করছে আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলকে কাছে টানার। নির্বাচনের পরে তারা কোন ধরনের সরকার গঠন করবে সেটা নিয়েও তাদের বক্তব্য রয়েছে। তারা তো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলছে। তাহলে নির্বাচনের পর কী সরকার গঠন করবে?










