গত ২৪ ঘন্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৪৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩১ হাজার ৯৪৪ জন। এছাড়া, বিশ্বে এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৭০ হাজার ১৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে ৪৮ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৮৯০ জনে এবং এই রোগে মোট মৃতের সংখ্যা হয়েছে ৬১ লাখ ৭০ হাজার ৬৯১ জন। এছাড়া করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪২ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৫ জন।
শনিবার (২ এপ্রিল) করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, শুক্রবার দৈনিক আক্রান্তের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া। দেশটিতে এইদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮০ হাজার ১৮৭ জন এবং করোনাজনিত অসুস্থতায় মারা গেছেন ৩৬০ জন। অন্যদিকে শুক্রবার করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে— ৪৮৬ জন। পাশাপাশি, এদিন দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৪৫৯ জন।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৯০ লাখ ৪২ হাজার ১৯৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৩৩৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৬ হাজার ৮৬০ জন।











