তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমি শুনলাম বিএনপি নাকি অনশন করছে এবং অনশনের সময় আশেপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। আশা করবো, সমস্ত মিথ্যা তারা আজকেই বলে দেবে, আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।
শনিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। এ কারণেই তাদের নেতারা উদভ্রান্তের মতো কথা বলছেন।










