spot_img

আইজিপি ও কমিশনারকে পদত্যাগ করে রাজনীতি করতে বললেন গয়েশ্বর

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহাম্মাদ শফিকুল ইসলামকে রাষ্ট্রীয় ইউনিফর্ম খুলে ও পদত্যাগ করে রাজনীতি করতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইউনিফর্ম খুলে, পদত্যাগ করে মুজিব কোর্ট পড়ে নেমে যান। কেউ কিছু বলবে না। কিন্তু রাষ্ট্রীয় ইউনিফর্ম পড়া অবস্থায়, আপনারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কি না তা আপনাদের সার্ভিস রুলসে আছে কি না পড়ে দেখেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এলডিপি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেছেন, পুলিশ কমিশনারের কথা শুনতাম, ভালোই লাগত। আইজিপি স্যারের বাড়ি গোপালগঞ্জ, সেটা না-হয় আলাদা কথা। আমি তাদের সবিনয়ে বলব, আপনাদের রাজনীতি নিয়ে ভাবার, বক্তব্য দেওয়ার বা রাজনীতি করার ইচ্ছা থাকতেই পারে।

জাতীয় সরকার প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতা দিবসে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন। তিনি জাতিকে একটি আহ্বান দিয়েছেন। নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, তারপর জাতি বিনির্মাণে, দেশ বিনির্মাণে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন। বর্তমান ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্র বাঁচাতে হলে, সরকারকে সরাতে হলে একাত্তরের মত একটা গণযুদ্ধ জরুরি।

গয়েশ্বর বলেন, ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে যারা অবদান রাখবে, তাদের সবাইকে নিয়ে দেশকে মেরামত করতে হবে। একটি রাষ্ট্র বলতে যা বোঝায়, গণতান্ত্রিক দেশ বলতে যা বোঝায়, সভ্য দেশ বলতে যা বোঝায় সেই পর্যায়ে আনতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ