ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে ইশরাককে সিএমএম আদালতের হাজতে রাখা হয়। ইশরাকের পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশের পরপরই ইশরাককে কারাগারে পাঠানো হয়।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণীতে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এই মামলা করে পুলিশ।










