কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা চাই, বাংলাদেশ বিশ্বের বুকে আরও মাথা উঁচু করে চলুক। সেজন্য অসাম্প্রদায়িকতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শাণিত করে বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে আরও উন্নীত করতে হবে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ অসাম্প্রদায়িকতা ও বাঙালি জাতীয়তাবাদের পরিচায়ক। এ দিনটিতে সেই চেতনা আরও শাণিত করতে হবে।
কৃষি সচিব সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, হাসানুজ্জামান কল্লোল, ওয়াহিদা আক্তার ও বলাইকৃষ্ণ হাজরা, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।










