অবৈধভাবে বাংলাদেশে আসা ভারতীয় নাগরিককে তার দেশে পার করার সময় ফয়জুর রহমান নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফয়জুর শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। রাতে তাকে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করিয়ে দেওয়ার সময় টহলরত বিএসফের সদস্যরা দুই জনকেই ধরে নিয়ে যায়। বিএসএফের কাছে তাকে ফেরতের অনুরোধ জানানো হয়েছে।










