আওয়ামী লীগের মতো স্বৈরাচার সরকার এ উপমহাদেশে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, আওয়ামী লীগের মতো এমন স্বৈরাচার সরকার এ উপমহাদেশে নেই। তারা জোর করে ক্ষমতায় আছে। সরকারি সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আসাদগেটে এক মিলনায়তনে আয়োজিত দুআ ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
টুকু বলেন, সম্প্রতি মার্কিন রিপোর্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে। বিচার বিভাগ স্বাধীন নয় সেটাও বলেছে। যার প্রমাণ- প্রসহসনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছে।
তিনি বলেন, এ বছরই শেষ বছর। এ বছর যদি রাজপথ প্রকম্পিত করতে না পারি, লাখ লাখ লোককে রাস্তায় নামাতে না পারি তাহলে কিন্তু হবে না। আমরা লক্ষ্য স্থির করেছি বাংলাদেশে জাতীয় সরকার হবে। তবে, এর আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে।










