টেকনিক্যাল কারণে ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণ নমনীয় হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মুহাম্মাদ শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৯ এপ্রিল) মদুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সভা শেষে সাংবাদিকরা ডিএমপি কমিশনারের কাছে জানতে চান- রাতে ঘটনা ঘটল। তাহলে পুলিশ কেন আরও আগে থেকে ব্যবস্থা নেয়নি। জবাবে তিনি বলেন, ছাত্রদের মোকাবিলায় পুলিশের বেশ কিছু সাবধানতা অবলম্বন করা লাগে। এটা সাধারণ কোনো গেদারিং নয় যে, গুলি করে তাদের সরিয়ে দিলাম। ছাত্ররা তাদের ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছে।
ডিএমপি কমিশনার বলেন, শ্রমিকদের বুঝিয়ে মার্কেটে ঢোকানোর চেষ্টা করছি। আইজিও কথা বলেছেন ডিসির সঙ্গে। আমাদের মূল লক্ষ্য হলো একটা পক্ষকে নিবৃত্ত করা। কিন্তু আশপাশের শ্রমিকরাও নেমে পড়েছে।
মোহা. শফিকুল ইসলাম বলেন, এখান থেকে ঘটনাটি যত সহজ মনে হচ্ছে, বাস্তবে তা নয়, জটিল আকার ধারণ করেছে। শুধু নিউমার্কেট নয়, চারপাশের সব মার্কেটের লোকজন নেমে পড়েছেন। যেখান থেকেই খবর পাচ্ছি, সেখানেই পুলিশ পাঠাচ্ছি।
তিনি আরও বলেন, টেকনিক্যাল কারণে ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণ নমনীয় হবে। সাধারণভাবে গুলি করে বা শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ বুদ্ধির কাজ না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি (পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য)।










