spot_img

আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল হিসেবে আগামী নির্বাচনে দলটি গণতন্ত্র চর্চা করবে।

আজ সোমবার (২৫ এপ্রিল) টাঙ্গাইল শহরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কোন দেশীয় শক্তি, চক্রান্তকারী ও বিদেশিদের যারা পা চাটে- এমন কেউ এ নির্বাচনকে প্রভাবান্বিত করতে পারবে না। একই সাথে আমরা আশা করি, আন্তর্জাতিক বিশ্ব বা সামরিক ও অর্থনৈতিকভাবে যতই শক্তিশালী দেশ হোক-তারা কোনক্রমেই যেন আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনোরকম হস্তক্ষেপ না করে।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনে তারা কোনো পক্ষ নেবে না। মার্কিন রাষ্ট্রদূতের এ বক্তব্যের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, এটিই স্বাভাবিক। এটিকে আমরা অভিনন্দন জানাই। সকলের কাছে এটিই প্রত্যাশা করি। কোনো দেশের কোনো রকম হস্তক্ষেপ আমরা মেনে নেব না।

ড. মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নানারকম ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের মনে রাখতে হবে, দেশের জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। কাজেই, বিএনপি যতই ষড়যন্ত্র করুক, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলাক; আমি মনে করি এ দেশের মানুষ তা মোকাবেলা করবে। নির্বাচন ছাড়া ষড়যন্ত্র করে বা চোরাগলি পথে কেউ ক্ষমতায় আসতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ