রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে কোনো স্থাপনা হবে না। এই মাঠটি এলাকাবাসীকে আগের মতোই ব্যবহার করছে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ না করে এই মাঠ জনগণ এতদিন যেভাবে ব্যবহার করেছেন সেভাবেই উন্মুক্ত করে দিতে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, পান্থপথের স্কয়ার হাসপাতালের উল্টো দিকের খোলা জায়গাটি তেঁতুলতলা মাঠ হিসেবে পরিচিত। সেখানে স্থানীয় শিশুরা খেলাধুলা করে। পাশাপাশি মাঠটিতে ঈদের নামাজ, জানাজাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়। সম্প্রতি এই মাঠে কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এর প্রতিবাদ করছেন স্থানীয় লোকজন।
মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী গত ৪ ফেব্রুয়ারি পান্থপথের কনকর্ড টাওয়ারের সামনে মানববন্ধন করেন। ‘কলাবাগান এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে স্থানীয় শিশু-কিশোর ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। ওই মানববন্ধনের সংগঠকদের অন্যতম ছিলেন সৈয়দা রত্না। এই অপরাধে রবিবার দুপুরে সৈয়দা রত্না ও তাঁর ছেলেকে আটক করে পুলিশ। যদিও তীব্র সমালোচনার মুখে গভীর রাতে তাদের ছেড়ে দিতেও বাধ্য হয় কলাবাগান থানা। সেই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সমালোচনা চলছে এই মাঠে থানা নির্মাণ নিয়ে।










