spot_img

দেশের ৯০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, উন্নয়ন, অগ্রগতি ও মানুষের ভাগ্য পরিবর্তনের কারণে দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে। আওয়ামী লীগ এবারও সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হবে। সুতরাং এই দলের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আন্দোলনের নামে কোনো নাশকতা হলে কঠোর হস্তে দমন করা হবে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোনো সাংবিধানিক ব্যবস্থা নয়, এটা গণতান্ত্রিক পদ্ধতিরও অংশ নয়। এটা আনতে হয়েছিল শুধুমাত্র বিএনপির মতো অগণতান্ত্রিক দল ক্ষমতা হস্তান্তরে অনীহা প্রকাশের কারণে। তবে এর রূপরেখায় উল্লেখ ছিল পরপর তিনবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেটা হয়েছে। তাই চুক্তি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। উচ্চ আদালতও এই সরকার ব্যবস্থাকে অবৈধ বলেছে। এটা নিয়ে কথা বলা যুক্তিযুক্ত নয়।

তিনি বলেন, এবারও যথা সময়ে আওয়ামী লীগের কাউন্সিল হবে। এতে দল আরও শক্তিশালী, উজ্জীবিত ও গতিশীল হবে। এর মাধ্যমে আওয়ামী লীগ এবারও সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হবে।

ঈদসামগ্রী বিতরণের সময় জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই শতাধিক নিম্নআয়ের মানুষকে ঈদসামগ্রী প্রদান করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ