রাজধানীর শাহজানপুরে গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২ মে) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে এই অনুদানের চেক তুলে দেন। পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেয়া হয়েছে।
এ সময় সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেয়া হয়।
এ সময় বিপ্লব বড়ুয়া জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০১৯ থেকে চলতি বছর পর্যন্ত ১ হাজার ১২১ কোটি টাকা ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা হিসেবে দেয়া হয়েছে। এরমধ্যে ২০১৯ সালে দেয়া হয়েছে ১৪০ কোটি টাকা, ২০২০ সালে ৫৮০ কোটি, ২০২১ সালে ৩২৪ কোটি এবং ২০২২ সালের এ পর্যন্ত ৭৫ কোটি টাকা সহায়তা করা হয়েছে।
এসময় আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। এ সময় কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি যানজটে রিকশায় আটকা ছিলেন। তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সূত্র : বাসস










