কুমিল্লায় ঈদের জামাতে পূর্ব বিরোধের জের ধরে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।
ওসি সহিদুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে গোলাবাড়ি এলাকার রুবেল ভূঁইয়া পাশের ঈদগা মাঠে গিয়ে প্রকাশ্যে একই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার ডান হাঁটুতে গুলি লেগেছে।










