বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্যরা টেড্রোস আডানোম গেব্রিয়াসিসকে আবারও মহাসচিব নির্বাচিত করেছেন। নতুনকরে পাঁচ বছরের জন্য জোরালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানায়।
বার্ষিক বৈঠকে গোপন ব্যালটে অনুষ্ঠিত হওয়া ভোটের ফলাফল ঘোষণা করেন দিজিবুতির আহমেদ রবলেহ আবদিলেহ। তবে টেড্রোস একমাত্র প্রার্থী থাকায় অনেকেই এটাকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখেছেন।
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এক ভাষণে টেড্রোস বলেন, জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা এবং সংস্থার উন্নয়নের ওপর জোর দেবে ডব্লিউএইচও।
তিনি বলেন, এই মহামারি খুবই নজিরবিহীন এবং অনেক শিক্ষা দিয়েছে এবং আমরা শিখছি। কিন্তু একই সময়ে আমরা শুধু থেমে যেতে, শিখতে এবং বাস্তবায়ন করতে পারি না… শেখার জন্য বিরতি দেওয়ার পরিবর্তে, আমরা শেখার সময় বলছি চলুন সেগুলো কাজে লাগাই।
পুনরায় নির্বাচিত হওয়ার পর টেড্রোসকে অভিনন্দন জানিয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সময় নিজের দেশ ইথিওপিয়ার সমর্থন পাননি তিনি।











