দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল সৌদি আরবকে অনেক সহায়তা করছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ইসরাইলের সহায়তা সৌদি আরবের গ্রহণ করা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার মতে সৌদি আরব এ ধরনের সহায়তা গ্রহণ করবে। এ সময় তিনি দাবি করেন, “ইসরাইল সৌদি আরবের জন্য খুবই সহায়ক হয়েছে।”
তবে ইসরাইল সৌদি আরবকে ঠিক কী ধরনের সহায়তা করছে বা এর পরিধি কতটা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আমেরিকার প্রেসিডেন্ট।
সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। রিয়াদের আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার সম্ভাবনা আবার জোরালো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তার মতে সেই সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
এ সময় ট্রাম্প আরও দাবি করেন, ইসরাইল ও আমেরিকার সমর্থন নিয়ে সৌদি আরব সন্তুষ্ট।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইলের সহায়তা নিয়ে ট্রাম্পের এ বক্তব্য সামনে এলো।
সূত্র: হোয়াইট হাউস, টাইমস অব ইসরাইল











