spot_img
spot_img

আফগানিস্তানের ৩১৮ জেলায় ৩০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জালালি

আফগানিস্তানের ৩১৮টি জেলায় ৩০ শয্যার হাসপাতাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্য মন্ত্রী মাওলানা নূর জালাল জালালি। তিনি বলেন, এসব হাসপাতাল প্রত্যন্ত জেলাগুলোর স্বাস্থ্যসেবার সমস্যা অনেকাংশে দূর করবে।

পাকতিয়া প্রদেশের ডান্ড পাতান জেলায় ৩০ শয্যার একটি হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাওলানা নূর জালাল জালালি বলেন, “আফগানিস্তানের ৩১৮টি জেলায় হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। আমীরুল মুমিনীন এর জন্য বাজেট বরাদ্দ করেছেন। অনেক এলাকায় নির্মাণকাজ শুরু হয়েছে। অন্য প্রকল্পগুলো এখন ক্রয় প্রক্রিয়ার পর্যায়ে রয়েছে। ডান্ড পাতান জেলার হাসপাতালটিও সেসব প্রকল্পের একটি, যার নির্মাণকাজ শুরু হয়েছে।”

পাকতিয়ার জনস্বাস্থ্য বিভাগের প্রধান মেরাজ গুল আদেল জানান, ডান্ড পাতান জেলার হাসপাতালটি নির্মাণে ৭ কোটি ৬০ লাখ আফগানি ব্যয় হবে। ইমারাতে ইসলামিয়ার বাজেট থেকে এ অর্থ ব্যয় করা হবে। দেড় বছরের মধ্যে ৩০ শয্যার হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে। হাসপাতালটি জেলার পুরো জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দেবে।

ডান্ড পাতান জেলার বাসিন্দারা জানান, আগে বিপজ্জনক ও ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে রোগীদের চামকানি জেলা অথবা প্রাদেশিক রাজধানী গারদেজে নিয়ে যেতে হতো। এখন নিজেদের জেলাতেই রোগীদের চিকিৎসা দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় তারা আশাবাদী।

তারা হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যসেবা ও সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

সূত্র : টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ