চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এই টাকা দেওয়া হবে। এই তহবিল থেকে আহতরা পাবেন ৫০ হাজার করে টাকা। এ ছাড়া আহতদের চিকিৎসায় আরও সহায়তার প্রয়োজন হলে তা-ও দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।
রোববার (৫ জুন) এক শোক বার্তায় শ্রম প্রতিমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি বলেন, নিহতের সঙ্গে আহতদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার দেওয়া হবে।
মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্রগামের উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবারাত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এ ছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে উপমহাপরিদর্শক নিহত এবং আহত শ্রমিকদের তথ্য সংগ্রহের জন্য ১৩ সদস্যের আরও একটি কমিটি গঠন করেছেন।










