চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে সৃষ্ট আগুন আজ রোববার রাত ১০টার মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী।
রোববার (৫ জুন) বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জয়নাল আবেদীন সাংবাদিকদের কাছে এ আশা প্রকাশ করেন।
মেজর জেনারেল জয়নাল আবেদীন বলেন, আগুন যতক্ষণ নিয়ন্ত্রণে আসবে না, ততক্ষণ ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। আশা করা যায় রাত ১০টার মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।
জয়নাল আবেদীন বলেন, সেনাবাহিনীর সদস্যরা কনটেইনার ডিপোর আশপাশে থাকা খাল, ড্রেনে বাঁধ দিয়েছেন। রাসায়নিক ছড়িয়ে পড়া পানি আর বঙ্গোপসাগরে পড়ার সম্ভাবনা নেই।










