দলীয়করণের কারণে অযোগ্য ও অদক্ষরা গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কদের।
তিনি বলেন, দেশের কোথাও কোন জবাবদিহি নেই। আবার সকল কাজই দুর্নীতির মাধ্যমে সম্পন্ন হয়, তাই জবাবদিহির কোনো সুযোগ থাকে না। এ কারণে কেউই দায়িত্ব পালনে সচেতন নয়। সরকার দুর্নীতি ও দলীয়করণ বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সোমবার (৬ জুন) কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দু’আ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশে দুর্ঘটনা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, এ কারণেই দুর্ঘটনা মানুষের কাছে স্বাভাবিক মনে হয়।










