রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেনের ১০ হাজার সেনা নিহত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়ার মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। তখন থেকে এ পর্যন্ত ১০ হাজার সেনার মৃত্যু হয়েছে বলে কিয়েভের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
শনিবার (১১ জুন) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ সামাজিক মাধ্যমে এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।
ওলেক্সি আরেস্টোভিচকে প্রশ্ন করা হয়েছিল যে, যুদ্ধের একশ দিনে ইউক্রেন কত সেনা হারিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, প্রতিদিনই প্রায় একশজন করে সেনা হারাচ্ছে ইউক্রেন। এছাড়া আরও কয়েকশ সেনা আহত হয়েছে।
ওলেক্সি আরেস্টোভিচ দাবি করেছেন যে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার ক্ষতি কয়েকগুণ বেশি। ইউক্রেন সরকার বলছে, যুদ্ধে রাশিয়া ৩০ হাজারের বেশি সেনা হারিয়েছে।











