পদ্মা সেতু নির্মাণের চুক্তি নিয়ে ‘দুর্নীতির মিথ্যা গল্প’ সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রোববার (২৬ জুন) বিচারপতি মুহাম্মাদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মুহাম্মাদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে রুলটি শুনানির জন্য উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং ‘দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে’ থাকা প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।











