বিএনপি সরকারের কয়েক মাস পার হলেও দেশে দুর্নীতি, চুরি, চাঁদাবাজি ও ঘুষ কমেনি, বরং সবই বেড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি বলেন, এসবের পাশাপাশি তেল, গ্যাস ও বিদ্যুতের দামও বেড়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার আয়োজনে ষষ্ঠ যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, ‘বিএনপির এত মাস হয়ে গেল, কিন্তু এখনো দুর্নীতিমুক্ত দেশ আমরা গড়তে পারিনি। দেশে দুর্নীতি কমেনি, চুরি কমেনি, চাঁদাবাজিও কমেনি, ঘুষও কমেনি। আসলে কোনোটারই কমতি নেই। সবই বাড়ছে। সেখানে যোগ হয়েছে এখন তেলের দাম। চাঁদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তেলের দাম, দুর্নীতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসের দামও বেড়েছে। সন্ত্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের মূল্যও বৃদ্ধি পেয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের সবার নীতি ও আদর্শ ঠিক করতে হবে। যে ব্যক্তি সত্য বলেন, আমি তাঁর পক্ষে; যে ব্যক্তি মিথ্যা বলেন, তাঁর বিপক্ষে আমি। যে ব্যক্তি ভালো কাজ করেন, আমি তাঁর পক্ষে। কালোকে কালো বলুন, সাদাকে সাদা বলুন। আর এটি বলতে না পারলে দেশের পরিবর্তন আসবে না।’
রাজনীতির উদ্দেশ্য তুলে ধরে তিনি আরও বলেন, রাজনীতি খাওয়ার জন্য নয়, সেবা করার জন্য। অথচ রাজনীতিকে যেন ব্যবসার মঞ্চ বানিয়ে ফেলা হয়েছে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতি মনসুর আহমদ সাকী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনির হোসেন, আলহাজ আশরাফ হোসেন ভূঁইয়া, হাফেজ মাওলানা আরিফুল ইসলাম মোল্লা, মুফতি ফরিদ উদ্দিন, মুফতি আবু হুরায়রা কাসেমী, মাওলানা হাবিবুর রহমান, মুহাম্মদ ওয়ালী খান ও মুহাম্মদ আতাউর রহমানসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।











