করোনা মহামারিতে বিশ্বজুড়ে আরও বেড়েছে দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৫০০ মানুষ। এসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সোয়া ৭ লাখে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এই তথ্য পাওয়া যায়।
ওয়েবসাইটের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৬৭ জন।আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দেড়শো। এতে করে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৫৫ হাজার ৯৯৪ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২২ হাজার ১৮২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ১৬ লাখ ১ হাজার ৫৫১ জনে।











