রাশিয়ার হুমকি মোকাবিলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো তাদের ‘যুদ্ধের জন্য প্রস্তুত’ বাহিনীর সেনা সংখ্যা বর্তমানের ৪০ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ করবে এবং ২০২৩ সালের মাঝামাঝি সময়ের মধ্যে এ সেনাদের উচ্চ সতর্কাবস্থায় রাখবে।
বৃহস্পতিবার (৩০ জুন) স্পেনের রাজধানী মাদ্রিদ্রে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে নেতারা আগামী দশকের জন্য রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি আখ্যা দিয়ে বিপুল সেনা প্রস্তুত রাখার এ পরিকল্পনায় একমত হয়েছেন।
ন্যাটো জোটকে রূপান্তর করে শক্তি আরও বাড়ানোর সিদ্ধান্তের মধ্য দিয়েই এদিন শেষ হয় সম্মেলন। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, মাদ্রিদে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, তাতে আমাদের মিত্র দেশগুলোতে শান্তি সুরক্ষিত রাখা, সংঘাত ঠেকানো এবং আমাদের জনগণ ও মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত হবে।
ন্যাটোর শক্তি বর্তমানে কতটুকু এবং ভবিষ্যতে ন্যাটোর পূর্বাঞ্চলে রাশিয়ার যেকোনো হামলা মোকাবিলাসহ দক্ষিণ সীমান্তেও অন্যান্য সংকট সামাল দিতে জোটকে কীভাবে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে, তার বিস্তারিত খুঁটিনাটি তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।











