মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল ইসলামী নেতা-কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা এবং ১১৬ জন আলেম, ১০০০ মাদরাসার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক অভিযোগকারীদের শাস্তির ব্যবস্থা করার দাবীতে আজ দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
আজ (৫ জুলাই) সকালে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয় থেকে সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে একটি টিম ঢাকা জেলা প্রশাসকের হাতে স্মরাকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও বি-বাড়িয়া জেলা সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম খন্দকার সহ অনেক ইসলামী নেতা কর্মী দ্বীর্ঘদিন যাবত কারাগারে বন্দী রয়েছেন। মাওলানা মামুনুল হক কঠিন রোগে ভোগছে। তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি স্বাভাবিক চলা-ফেরা করতে পারছেন না। কোর্টে যাতায়াতের ক্ষেত্রে হুইল চেয়ার ব্যবহার করতে হয়েছে যা দেশবাসী দেখেছেন। তাঁর পরিবার-পরিজন দুশ্চিন্তায় ভোগছেন। কারাবন্দীদের মধ্যে আরও অনেকে অসুস্থ, তাদের পরিবারগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে মানবিক কারণে মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল ইসলামী নেতা-কর্মীদের ঈদুল আযহার পূর্বে মুক্তির দাবি জানানো হয়।
স্মারক লিপিতে আরও বলা হয়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়িয়েই যাচ্ছে। কোনোভাবেই দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিষয়টি বিবেচনায় এনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।
বিভিন্ন কারণে আজ নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ, সাধারণ জনগণ নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। ভোটারদের আগ্রহ বাড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য দাবি জানানো হয়।
গণকমিশন নামে একটি ভূইফোঁড় সংগঠন দেশের ১১৬ জন আলেম ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক শ্বেতপত্র দুদকে জমা দিয়েছে। যা খুবই দুঃখজনক। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ার আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল, শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল, ফেনী জেলা সভাপতি মাওলানা জসীম উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, নরসিংদী জেলা সভাপতি মাওলানা আব্দুন নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, মাদারীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, খুলনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ সাইদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ ও সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হুসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, সিলেট মহানগর সভাপতি গাজী রহমতুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল, মৌলভী বাজার জেলা সভাপতি মুফতি হাবীবুর রহমান কাসেমীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল, কুমিল্লা পশ্চিম জেলা সভাপতি আবু ইউসুফ মুন্সি, পূর্ব জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুনীর হুসাইন ও কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সোলাইমান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল, কেন্দ্রীয় সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও কিশোরগঞ্জ জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল করীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, টাঙ্গাইল জেলা যুব মজলিস সভাপতি মাওলানা কামরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলসহ দেশের বিভিন্ন শাখা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি প্রদান করে।










