প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। ইউক্রেনের যুদ্ধ, এরপর রাশিয়ার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিল, ইউরোপ নিষেধাজ্ঞা দিল। এর ফলাফলটা এই দাঁড়িয়েছে; তেলের দাম বেড়ে যাচ্ছে, ডিজেলের দাম বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এলএনজির দাম বেড়ে যাচ্ছে। আমাদের নিজস্ব যেটুকু গ্যাস আছে তাছাড়া বিদ্যুৎকেন্দ্র চালু রাখা কষ্টকর ব্যাপার হয়ে গেছে, অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে।
আজ বুধবার (৬ জুলাই) ভিডিও কনফারেন্সিং মাধ্যমে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যতটুকু পারা যায় বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। আমি নির্দেশ দিয়েছি, প্রত্যেক এলাকা ভিত্তিক কখন কোন এলাকায় কত ঘণ্টা লোডশেডিং হবে এটার একটা রুটিন তৈরি করে সেভাবে লোডশেডিং দেওয়া। যাতে মানুষ সেসময়টা প্রস্তুত থাকতে পারে। মানুষের কষ্টটা যেন আমরা লাঘব করতে পারি। সে বিষয়ে নজর দিতে হবে। আশা করি, দেশবাসী আমাদের এ ব্যাপারে সহযোগিতা করবেন।










