spot_img

ইসলাম গ্রহণ আরও সহজ করতে ‘নিউ মুসলিম’ কার্ড চালু করল সৌদি আরব

নওমুসলিমদের ইসলাম গ্রহণসংক্রান্ত আবেদন, অনুমোদন ও সনদ প্রদানের প্রক্রিয়া সহজ করতে ‘নিউ মুসলিম’ নামে ডিজিটাল কার্ড সেবা চালু করেছে সৌদি আরব।

গত রোববার (২৬ জুলাই) সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও এরশাদ মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আলে শাইখ নতুন এই সেবার উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের ডিজিটাল সেবার পরিধি বাড়ানো এবং সেবাগ্রহীতাদের উন্নত সেবা দেওয়ার অংশ হিসেবে এটি চালু করা হয়েছে।

সউদী ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই সেবার মাধ্যমে ইসলাম গ্রহণের আবেদন জমা দেওয়া থেকে শুরু করে অনুমোদন এবং স্বীকৃত ডিজিটাল কার্ড ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়া একটি সমন্বিত ইলেকট্রনিক ব্যবস্থায় সম্পন্ন করা যাবে।

ডিজিটাল কার্ডটি সৌদি আরবের জাতীয় অ্যাপ ‘তাওয়াক্কালনা’র সঙ্গে যুক্ত থাকবে। আবেদন অনুমোদিত হওয়ার পর কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপে প্রদর্শিত হবে। সউদী ডাটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই কার্ডটি দেখতে ও এর সত্যতা যাচাই করতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ প্রকল্পের মাধ্যমে তথ্যের মান উন্নত করার পাশাপাশি নির্ভুল প্রতিবেদন ও পরিসংখ্যান প্রস্তুত করা সম্ভব হবে। এসব তথ্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত প্রণয়নে সহায়তা করবে।

প্রতিটি ডিজিটাল কার্ডে একটি বিশেষ কিউআর কোড থাকবে। এই কোডের মাধ্যমে কার্ডটির সত্যতা এবং সেটি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইস্যু করা হয়েছে কি না, তা যাচাই করা যাবে।

সূত্র: সউদী প্রেস এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ