ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামীকাল (রোববার) ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত। গত ঈদুল ফিতরে মানুষ যেমন পরিবার নিয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে ফিরেছিলেন, আশা করছি এবারো সবাই একইভাবে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন।
তিনি বলেন, প্রায় ৩৫ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন। আমি আশাবাদী আগামীকাল সবাই উৎসবমুখর পরিবেশ ঈদের জামাতে অংশগ্রহণ করবেন।
শনিবার দুপুরে জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আগে জাতীয় ঈদগাহে এক লাখের মতো মুসল্লি অংশ নিতে পারতেন, কিন্তু এবার ৩৫ হাজার কেন- এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, যেহেতু করোনামহামারী আবারো ঊর্ধ্বমুখী সে ক্ষেত্রে সবাই স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হবেন। আমাদের যে সক্ষমতা, সে অনুযায়ী আমরা ৩৫ হাজার মুসল্লিদের আমন্ত্রণ করছি।










