spot_img
spot_img

শ্রীলঙ্কায় সৈন্য পাঠানোর খবর অস্বীকার করলো ভারত

শ্রীলঙ্কায় বিরাজমান বিশৃঙ্খল পরিস্থিতিতে ভারত দেশটিতে সৈন্য পাঠাচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা অস্বীকার করেছে শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় হাই কমিশন।

হাই কমিশন টুইট করে জানায়, ‘এ ধরনের খবর এবং দৃষ্টিভঙ্গি ভারত সরকারের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’

এদিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘আমরা বরাবর শ্রীলঙ্কার পাশে। আমরা তাদের সাহায্যের চেষ্টা করছি। নাগরিকরা এখন সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আমাদের দেখতে হবে, তারা কী করেন।’

রোববার শ্রীলঙ্কা নিয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা জানায়, ‘শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে ভারত। গণতান্ত্রিক নীতি, মূল্যবোধ, প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পরিকাঠামোর মাধ্যমে শ্রীলঙ্কার মানুষ দেশের আর্থিক সমৃদ্ধি এবং উন্নয়নের পথ বুঝে নিতে চাইছেন।’

এদিকে ভারতের রাজ্যসভার এমপি ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ড. সুব্রম্যানিয়ান স্বামী বলেছেন, শ্রীলঙ্কাকে সহায়তার জন্য ভারতকে অবশ্যই সৈন্য পাঠাতে হবে।

শ্রীলঙ্কার রাজনীতি সম্পর্কে ভালোভাবে জানাশোনা হিসেবে পরিচিত এবং রাজাপক্ষ পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ড. স্বামী এক টুইটার বার্তায় বলেন, একটি বৈধ নির্বাচনকে ভণ্ডুল করতে উচ্ছৃঙ্খল জনগণকে সুযোগ দিতে কিভাবে পারে ভারত।

তিনি বলেন, ‘গোতাবায়া ও মহিন্দ রাজাপক্ষ উভয়ে অবাধ নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছেন। ভারত কিভাবে এ ধরনের একটি বৈধ নির্বাচনকে ভণ্ডুল করতে উচ্ছৃঙ্খল জনতাকে সুযোগ দিতে পারে? আর আমাদের প্রতিবেশী এলাকায় কোনো গণতান্ত্রিক দেশ থাকবে না। রাজাপক্ষ যদি ভারতীয় সামরিক বাহিনীর সহায়তা চায়, আমাদেরকে অবশ্যই তা দিতে হবে।’

সূত্র : ডেইলি মিরর ও আনন্দবাজার পত্রিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ