spot_img
spot_img

ভারতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত : ফলাফলের অপেক্ষা

ভারতে পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে দেশের সংসদ সদস্য ও বিধায়কেরা ভোট দিয়েছেন। লড়াই ছিল মূলত বিজেপির নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হার মধ্যে।

চিফ রিটার্নিং অফিসার পি সি মোদী জানিয়েছেন, সোমবারের ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। ভোট পড়েছে ৯৮.৯ শতাংশ।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ৬০০ জন ভোটদান করেন। হুইল চেয়ারে চেপে ভোট দিতে আসেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সমাজবাদী পার্টির সংসদ সদস্য মুলায়ম সিং যাদব। সংসদে এসে ভোট দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধি।

প্রসঙ্গত, সোমবার থেকেই সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে। তার প্রথম দিনেই রাষ্ট্রপতি নির্বাচন। আগামী ২১ জুলাই ফল ঘোষণা। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।

সোমবার ভোট চলাকালীন বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হা অভিযোগ করেন, রাষ্ট্রপতি ভোটে টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে। ভোটদানকারীদের নিজেদের অন্তরের কথা শুনে ভোট দিতে অনুরোধ করেছেন।

রাজনৈতিক মহলের মতে, দ্রৌপদী মুর্মুকে শেষ মুহূর্তে প্রার্থী করে মোক্ষম চাল দিয়েছে এনডিএ। আদিবাসী দ্রৌপদীকে প্রার্থী করার কারণে অনায়াসে ওড়িশার নবীন পট্টনায়েকের দল বিজেডি এবং ঝাড়খণ্ডের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থন পেয়েছে। দ্রৌপদী আগে ওড়িশার বিধায়ক এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। এই দুই দলের সমর্থন মেলায় মুর্মুর জয় অনেকটাই নিশ্চিত হয়েছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনাও দ্রৌপদীকে সমর্থনের কথা জানিয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ