আমেরিকায় নিযুক্ত বেইজিংয়ের রাষ্ট্রদূত কিন গ্যাং বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সাথে জড়িত সকল পক্ষের উচিত দ্রুত আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণা করা। আমেরিকা ও ন্যাটোসহ সংঘাতে জড়িত সকল পক্ষের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (২১ জুলাই) এক আলোচনায় আমেরিকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং এই আহ্বান জানান।
কিন গ্যাং বলেন, চলমান সংঘাত অতিমাত্রায় প্রবল আকার ধারণ করছে। এটি সমগ্র বিশ্বে অর্থনৈতিক মন্দা, অভিবাসীদের আগমন এবং খাদ্য সংকটসহ নানারকম সংকট করছে। রাশিয়া ও আমেরিকার অংশগ্রহণে সম্মিলিতভাবে সুষ্ঠু আলোচনা ব্যতিত এই সমস্যার সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি।
এদিকে দুই দিন আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার পরাজয়ের পরেই মস্কোর সাথে শান্তি আলোচনা হবে; তার আগে নয়। যুদ্ধে ইউক্রেন জয়ী হবে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর চার দিন পর মস্কো ও কিয়েভ শান্তি আলোচনা শুরু করে। উভয় পক্ষ বেলারুশে ব্যক্তিগতভাবে কয়েক দফা বৈঠক করেছে এবং ভিডিওর মাধ্যমে আলোচনা চালিয়েছে। মার্চের শেষের দিকে, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল আবারও ইস্তাম্বুলে মিলিত হয়। এরপর থেকে অবশ্য আলোচনা থমকে যায়।
সূত্র: আরটি












