ইউক্রেন আগ্রাসনের কারণে আন্তর্জাতিক চাপের মুখে আরব বিশ্বকে পাশে পেতে চাইছে রাশিয়া। ইতোমধ্যে কায়রোতে অবস্থান করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। সেখানে তিনি আরব লীগের নেতাদের উদ্দেশে ভাষণে তাদের সহযোগিতা চাইবেন বলে জানা যায়।
রোববার (২৪ জুলাই) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সূত্রে এসব তথ্য জানা যায়।
আজ রোববার (২৪ জুলাই) কায়রোতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোকরির সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। মিসরের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ ভালো। গম ও অস্ত্রশস্ত্রের বাণিজ্য রয়েছে দুই দেশের মধ্যে। এ ছাড়া রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরুর আগ পর্যন্ত রাশিয়া থেকে বিপুল সংখ্যক পর্যটকও পেয়েছে মিসর।
মিসর সফর শেষ করে ইথিওপিয়া ও উগান্ডা এবং কঙ্গো-ব্রাজাভিল সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেছেন, উপনিবেশিক আমল থেকেই আফ্রিকার মানুষজনের স্বাধীনতা সংগ্রামে আন্তরিকভাবে পাশে থেকেছে রাশিয়া।











