আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক গতিধারা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব, কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার দেখছে না। তারা দেখে শুধু শেখ হাসিনা সরকারের তথাকথিত ব্যর্থতা। আর স্বপ্ন দেখে ক্ষমতার মসনদ। তাদের রাজনীতি এখন উটপাখির নীতিতে চলছে।
বুধবার (২৭ জুলাই) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিশ্ব-সংকটে বালুতে মাথা গুঁজে আছে আর চিরাচরিত সরকারবিরোধী বিষোদগার অব্যাহত রেখেছে। তাদের রাজনীতিতে নতুনত্ব নেই, জনমানুষের কল্যাণে নেই কোনো ভাবনা।
তিনি বলেন, বিশ্ববাজারে তেল, গ্যাস, ভোজ্যতেল, সারের দাম এখন অস্থির। সরকার জনকল্যাণে ভর্তুকি দিয়ে সাপ্লাই চেইন ঠিক রাখার অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপি বিক্ষোভ-মিছিলের কর্মসূচি দিয়েছে। ভালো কথা, তারা বিক্ষোভ করুক, মিছিল করুক- এটা বিএনপির গণতান্ত্রিক অধিকার।
এসময় তিনি হুঁশিয়ার করে বলেন, বিক্ষোভের নামে জনশান্তি বিঘ্ন ঘটানোর অপপ্রয়াস চালালে জনস্বার্থে সরকার তা কঠোর হস্তে দমন করবে।










