ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লির জন্তরমন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অবিলম্বে ‘অযোগ্য’ শিক্ষামন্ত্রীকে সরানো না হলে তরুণরা এবার খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে।
অভিজিৎ দীপক বলেন, একজন অযোগ্য মন্ত্রীকে কোটি কোটি শিক্ষার্থীর জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিলে ভবিষ্যতে মানুষ মোদিকে আর ভোট দেবে না।
সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেন, আন্দোলন থামাতে ব্যারিকেড ও জ্যামার বসানোর পেছনে সরকার যে শক্তি ব্যয় করেছে, তা প্রশ্নফাঁস বন্ধে ব্যবহার করলে অন্তত ২২ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচানো যেত।
আন্দোলন শুরুর এতদিন পর প্রধানমন্ত্রী মোদির মন্তব্য করা এবং ‘অযোগ্য’ শিক্ষামন্ত্রীকে রক্ষা করাকে অত্যন্ত লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সিজেপির সঙ্গে সরকার আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা। তবে তারা মন্ত্রী ভবন কিংবা সরকারি কার্যালয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন।
সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সরকারের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়েছেন, আলোচনা হতে হবে জন্তরমন্তর অথবা কোনো নিরপেক্ষ স্থানে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে দলটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস










