spot_img
spot_img

ডাকসু নেতা মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে দলটি।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি জানান, সোমবার ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভিপি ও ডাকসু নেতা আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন তিনি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, তারা নাগরিকদের জান ও মালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বিশেষ করে চব্বিশের জুলাই বিপ্লবের শক্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কেউ সমাজের মূলধারায় টিকে থাকতে পারেনি। সন্ত্রাস চালিয়ে ফিরে আসার চেষ্টাও সফল হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো এসব কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। এ দায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না।

বিবৃতিতে জামায়াত নেতা আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সকল নাগরিকের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ