spot_img
spot_img

ভারতে আশ্রয় নিয়েও দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালিয়ে যাচ্ছেন হাসিনা: রিজভী

ভারতে আশ্রয় নিয়েও দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালিয়ে যাচ্ছেন হাসিনা: রিজভী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পরও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ক্ষমতার মোহে এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতা চালিয়ে যাচ্ছেন হাসিনা।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।

রিজভী অভিযোগ করেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তাঁর হিংসাত্মক মনোভাবের পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে যে নীতি প্রয়োগ করেছেন, এখনো তা-ই করে চলেছেন।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অস্থিতিশীলতার চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সাধারণ মানুষের গাড়ি, পোশাক কারখানা ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা কোটি কোটি টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের কাছে পাঠিয়ে এসব সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে সম্পূর্ণ আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই তাণ্ডব মোকাবিলা করছে। অতীতে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটাই তারেক রহমানের সঙ্গে হাসিনার মূল পার্থক্য।

ভারতে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের কথা বললেও সম্প্রতি ভারত সীমান্তে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে পালিয়ে যাওয়া নেতারা বৈঠক করেন? সে দেশের সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা পলাতকদের সঙ্গে বৈঠক করতে পারেন না। এটি গভীর চক্রান্তের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে রিজভী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শিশু, কিশোর ও শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালানো স্বৈরাচারের ঠাঁই বাংলাদেশের মাটিতে আর হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ধরনের চক্রান্ত নস্যাৎ করে দেবে।

এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ