বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সকল অস্ত্র এখন বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হত্যা, গুম থেকে শুরু করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মতো কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করছে আওয়ামী সরকার।
বুধবার (২৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচল করার অধিকারও তারা কেড়ে নিয়েছে। রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদসহ ওই সব বিএনপি নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা সরকারের ধারাবাহিক অমানবিক নিপীড়ন-নির্যাতনেরই বর্ধিত প্রকাশ।
তিনি বলেন, সরকার ব্যর্থতার এক বিশাল স্তুপের ওপর বসে আছে। রাষ্ট্রীয় অর্থনীতি লোপাটে দেশে এখন চলছে ভয়ঙ্কর এক নৈরাজ্যকর পরিস্থিতি। দেশে জ্বালানি এখন চরম সঙ্কটাপন্ন। ডলারের নজীরবিহীন দাম বৃদ্ধিতে দেশের ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়েছে। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। অসহনীয় লোডশেডিংয়ের কারণে শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষ সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই বিএনপি নেতাকর্মীদেরকে সরকার অসত্য ও বানোয়াট মামলা দিয়ে কারাগরে দিচ্ছে।










