ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসবে না।
বুধবার (২৭ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেন, ২০২৪-এ বিজেপি আসবে না, আসবে না, আসবে না।
মুখ্যমন্ত্রী আজ কেন্দ্রীয় বিজেপি সরকারের বিভিন্ন পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে রাজ্যের সিনিয়র মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ২১ কোটি টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী।
মমতা বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, তিন-চারটে এজেন্সি দিয়ে সরকারকে জব্দ করা ছাড়া আর কোনও কাজ নেই। মহারাষ্ট্রে সরকার ভেঙেছে, ছত্তিসগড় ভাঙবে, ঝাড়খণ্ড ভাঙবে, বাংলাকে ভাঙবে। কিন্তু বাংলা ভাঙতে দেব না। বাংলা ভাঙতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়তে হবে, কুমিরের সঙ্গে লড়াই করতে হবে, বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহের সঙ্গে আগে লড়ো। বাংলাকে ভাঙতে গেলে হাতির সঙ্গে লড়ো।











