ঢাকাসহ বিশ্বের ১৩টি দেশে পালিত হয়েছে বিশ্ব বাঘ দিবস। এ উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচি পালন করেছে বন বিভাগসহ বিভিন্ন সংস্থা।
গতকাল শুক্রবার (২৯ জুলাই) সকালে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে সভা-সেমিনারের আয়োজন করা হয়।
বন পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী মো. শাহাবুদ্দিন বলেছেন, সুন্দর বনের বাঘ রক্ষায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া বাঘ হত্যা ও পাচারকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। বাঘের চলাচলের এলাকায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি হচ্ছে অচিরেই। এ ছাড়া অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ফের বাঘ গণনা শুরু হবে সুন্দরবনে।
বিভাগীয় বন কর্মকর্তা (বাগেরহাট) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন বিভাগের হিসাব অনুযায়ী সর্বশেষ ২০১৯ সালের ২২ মে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে এক জরিপের পরে বন বিভাগ নিশ্চিত হয়েছিল বাঘের সংখ্যা ১১৪টি। কিন্তু কী পরিমাণ বাঘের সংখ্যা বেড়েছে তার সঠিক তথ্য নেই বন বিভাগের কাছে। বর্তমানে সুন্দরবনে ১০৬টি বাঘ রয়েছে। তারপরও বন বিভাগ ও সুন্দরবন সংশ্লিষ্টরা মনে করছেন, আগের তুলনায় বনে বাঘের সংখ্যা বেড়েছে।










