তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান লাশের উপর পা দিয়েই ক্ষমতা দখল করেছিলেন। তিনি ক্রমাগতভাবে বহু সৈনিকের লাশের উপর দাঁড়িয়ে দেশ পরিচালনা করেছেন। সেনা, বিমান ও নৌবাহিনীর কয়েক হাজার অফিসার ও জওয়ানকে হত্যা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকেও হত্যা করেছেন তিনি।
বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ড. হাছান বলেন, খালেদা জিয়াও একইপথ অনুসরণ করেছেন। ২০১৩, ১৪ ও ১৫ সালে কীভাবে অগ্নিসন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে লাশ বানিয়ে সেই লাশ আবার পুড়িয়ে অঙ্গার করে ফেলেছেন! লাশের ওপর দাঁড়িয়েই তাদের রাজনীতি।
তিনি বলেন, বিএনপির রাজনীতি লাশের উপর প্রতিষ্ঠিত, সেই কারণে তারা লাশ সৃষ্টি করতে চায়। আর আগস্ট মাস এলেই তাদের এ প্রবণতাটা আরও বেড়ে যায়।
তিনি আরও বলেন, ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে বিএনপি। সারা বাংলাদেশে তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে লাশ সৃষ্টির অপচেষ্টা চালাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত কয়েকদিনের উসকানিমূলক বক্তব্য এটিই প্রমাণ করে। তবে জনগণ তাদের সেই সুযোগ দেবে না।










