নির্বাচনের আগে দেশে-বিদেশে চাপে পড়ে আওয়ামী লীগ ভদ্র হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) দেখাচ্ছে যে, বিরোধী দলগুলোকে সভা-সমাবেশ করার সুযোগ দিচ্ছি। গতকাল আমরা সমাবেশ করেছি, সেখানে খুব বেশি ঝামেলা করেনি। আজ আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করছি। চারদিকে পুলিশ ভাইয়েরা আছে, কিন্তু ঝামেলা করছে না। কারণ একটাই, তারা দেখাচ্ছে—‘আমরা তো গণতান্ত্রিক দল। আমরা কোনো ঝামেলা করি না।’ এটাই প্রতারণা। এরা প্রতারক দল। গত ১৫ বছরে তারা বিএনপির ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করেছে, ইলিয়াস আলী, চৌধুরী আলমকে তারা গুম করেছে। সহাস্রাধিক নেতাকর্মীকে তারা হত্যা করেছে। ভোলায় বিনা কারণে গুলি করে দুজন তরুণ নেতাকে হত্যা করেছে।
আজ শুক্রবার (১২ আগস্ট) সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, আজ এ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। ব্যাংক খালি হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকেও এখন লুট হয়ে যায়। কিছুদিন আগে দেশকে সিঙ্গাপুর-মালেশিয়া হয়ে যাচ্ছে বলে দেখাচ্ছিল। এখন রিজার্ভ নামতে নামতে নিচের দিকে নামতে শুরু হয়েছে। এখন আবার বিভিন্ন দাতা সংস্থার কাছে লোন চাচ্ছে। এরা চুরি করে ডাকাতি করে দেশের সব সম্পদ পাচার করেছে।
বিএনপির মহাসচিব বলেন, এ আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে। তারা নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য তত্ত্বাবধায়ক বিধান, যেটা সংবিধানে ছিল, যাতে নির্বাচন হয়েছিল, অত্যন্ত সুষ্ঠুভাবে এ দেশের মানুষ শান্তিতে ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন দেখতে পেত। বলা যেতে পারে—একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল। আজ সে ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য আবার দলীয় সরকার নিয়ে এসেছে।










