স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা জ্বালানি নির্ভরশীল রাষ্ট্র, আমাদের জ্বালানি আমদানি করতে হয়। বিশ্বে জ্বালানির দাম তিনগুণ বেড়েছে। জ্বালানি পাওয়া যাচ্ছে না, অনেক দেশে জ্বালানি নেই। কিন্তু আমাদের দেশে জ্বালানি রয়েছে। প্রধানমন্ত্রী ভবিষ্যতের কথা চিন্তা করে আগে থেকেই সাবধানতা অবলম্বন করেছেন। দেশের এই সমস্যা আমাদের মোকাবিলা করতে হবে। বিদ্যুৎসহ সব ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে।
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে জেলা পরিষদ আয়োজিত কোভিড-১৯ মোকাবিলায় কর্মহীন ৫০০ পরিবারে মাঝে খাদ্য, বস্ত্র ও সুরক্ষা সামগ্রী ও মানিকগঞ্জ প্রেসক্লাবসহ ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে প্রভাব পড়েছে। জ্বালানি, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে। বিভিন্ন দেশে দাঙ্গা-হাঙ্গামা চলছে। শ্রীলংকায় সব কিছু বন্ধ হয়ে গেছে। সেখানে জ্বালানি, খাদ্য, সার ও বিদ্যুৎ নেই। সমস্যা যখন পৃথিবীতে আসে, তখন এর প্রভাব কম-বেশি সব দেশেই পড়ে। আমাদের দেশ ঘনবসতি হওয়ার কারণে এর কিছুটা প্রভাব পড়েছে।
মন্ত্রী বলেন, বিরোধী দল প্রচার করছে সরকার জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। সরকার জ্বালানির মূল্য বৃদ্ধি করেনি, বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। বেশি দামে ক্রয় করলে তো বেশি দামেই ছাড়তে হবে। তবে এটা চিরস্থায়ী নয়, বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে আমাদের দেশেও কমে আসবে।










