বরগুনা জেলা কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে করা বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দয় তারা।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনা জেলা ছাত্রলীগের যে কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষণা করেছে তা সম্পূর্ণ নিয়মের বাইরে গিয়ে করা হয়েছে। যার কারণে ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীরা হতাশ। এজন্য বর্তমানে ছাত্রলীগের মধ্যে দুই গ্রুপ তৈরি হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের এমন কাজের কারণেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, সম্প্রতি ঘোষণা করা কমিটি অবৈধ। যারা এই অবৈধ কমিটিকে সমর্থন করে তাদেরও জেলা আওয়ামী লীগ প্রত্যাখ্যান করবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, আজ থেকে এই অবৈধ ছাত্রলীগ কমিটিকে বরগুনায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।










