ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ নেতা নাহিদ আলম নিউমুনের দোকানে অভিযান চালিয়ে তিন বক্স (৩০০ পিস) ট্যাম্পন্ডল ট্যাবলেটসহ এক ক্রেতাকে আটক করেছে র্যাব-১৩। এ সময় ক্রেতাকে আটক করলেও মাদক বিক্রেতা ছাত্রলীগ নেতাকে আটক করতে সক্ষম হয়নি।
আজ বুধবার (২৪ আগস্ট) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সৈয়দ রফিকুল ইসলাম।
তিনি জানান, আটক যুবকসহ জব্দকৃত মাদক ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) যৌথ অভিযান চালিয়ে শহরের গোয়ালপাড়া বুড়ির মোড় এলাকায় মেসার্স নিউমুন মেডিসিন কর্নার থেকে মাদক দ্রব্য উদ্ধার ও ওই ক্রেতাকে আটক করা হয়।
জানা যায়, অভিযান পরিচালনা করার সময় মেসার্স নিউমুন মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী নাহিদ আলম নিউমুন পালিয়ে যায়। আর তার দোকান থেকে মাদক দ্রব্য ক্রয় করার সময় সাব্বির নামে এক যুবককে আটক করে র্যাব। এছাড়াও ওই দোকানের ভেতর থেকে ৩টি বক্সে ৩০০ পিস ট্যাম্পন্ডল ট্যাবলেট (ইয়াবার পরিপূরক) উদ্ধার করা হয়।











