আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচনে আসুন, দেখুন কার জনপ্রিয়তা কত বেশি রয়েছে। জনগণ আগুন সন্ত্রাসের পক্ষে রায় দিবে নাকি শেখ হাসিনার উন্নয়নের পক্ষে রায় দেবে। সেটি প্রমাণ হবে আগামী নির্বাচনে।
আজ রোববার (২৮ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলানায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপিকে ছেড়ে জামাত চলে গেছে না জামাতকে ছেড়ে বিএনপি চলে গেছে, তা বোধগম্য নয়। আসলে রসুনের গোড়া এক জায়গায়।
তিনি বলেন, ওদের চরিত্র এক, ওদের লক্ষ্য এক। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে তারা মুছে ফেলতে চায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই তাদের উদ্দেশ্য।
সূত্র: বাসস










