আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে এবং এর মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, এটি এমন এক ষড়যন্ত্র, যাতে বাংলাদেশ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব বলেন, এখন শতকরা ১৫ থেকে ২০ জন যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে। এটি যুবকদের ধ্বংস করার ষড়যন্ত্র, যাতে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক, এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কের অবনতির প্রসঙ্গ তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, এখন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। অনেক শিক্ষককে নির্যাতনও করা হয়েছে। আমরা নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতায় পিছিয়ে গেছি। এসব অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।











