গোমতী নদীর মাটি কাটার সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক, তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, নিয়মের মধ্যে কাজ করতে কোনো ‘হেডম’ বা শক্তির প্রয়োজন হয় না। যারা নদীর মাটি কেটে সাধারণ মানুষের ক্ষতি করবে, তাদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে স্থানীয় লোকজনের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় অবৈধ ইটভাটা চালুর বিষয়েও সতর্ক করেন সংসদ সদস্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার যারা ব্রিকফিল্ড চালু করতেছেন, আপনারা লাগান। খরচটা একটু কইরালন, খরচটা কইরা লাগাইলে এনা ভাংতাম। কিছু না থাকলে ভাংমু কি। ইট যে বানাইতাছেন, চুঙ্গা যে বানাইতাছেন সবগুলারে একেবারে সমান করে ফেলা হবে। অবৈধ কোনো জিনিসকে টলারেড করা হবে না।
রাজনীতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা থাকবেই। তবে এর বাইরে প্রকৃত বিভাজন হওয়া উচিত অপরাধী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একদিকে এবং সাধারণ জনগণকে অন্যদিকে রেখে।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না। গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তুললেও তা গণমাধ্যমে প্রচার করা হয় না। অথচ সংসদে অনেক সময় এমন সব গতানুগতিক প্রশ্ন করা হয়, যেগুলোর উত্তর খুব সহজেই গুগলে খুঁজে পাওয়া সম্ভব।
সভায় এলাকাবাসী তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ তুলে ধরে জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণের জোরালো দাবি জানান। রঘুরামপুর গ্রামের বাসিন্দারা জানান, প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী বাড়িঘর তলিয়ে যাওয়ার পাশাপাশি নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারাতে হয় তাঁদের। এ স্থায়ী সমস্যা থেকে মুক্তি পেতে তাঁরা গোমতী নদীর গতিপথ পরিবর্তনে লুপ কাটিং ব্যবস্থার দাবিও জানান।
এলাকাবাসীর এসব সমস্যার জবাবে হাসনাত আবদুল্লাহ জানান, সংসদের পরবর্তী অধিবেশনে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন তিনি। এলাকার মানুষের কল্যাণ ও স্বার্থরক্ষায় প্রয়োজন হলে সংশ্লিষ্ট মহলে বারবার দাবি জানাতেও তাঁর কোনো আপত্তি নেই বলে আশ্বাস দেন তিনি।











