spot_img
spot_img

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন। তিনি বলেছেন, বর্তমান সরকারের মন্ত্রিসভায় আরও অনেক দক্ষ ও যোগ্য ব্যক্তি রয়েছেন। তাঁদের কাউকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। দেশের মানুষ আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে চায় না।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুর জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে আল মামুন বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের বাড়িটি পরিত্যক্ত ছিল এবং সেখানে গরু-ছাগল ছিল। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হলো দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কোন বাড়ি পরিত্যক্ত, কোথায় কে বসবাস করেন, সেটি দেখার বিষয় নয়। বরং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন হচ্ছে এবং সাধারণ মানুষ কেন আতঙ্কে রয়েছে, তা দেখাই তাঁর প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা রাজপথে রক্ত দিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের বাড়িতেও হামলা, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটছে। শুধু জুলাইযোদ্ধারাই নন, দেশের সাধারণ মানুষও আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে বক্তারা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তাঁরা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতেই যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনা কোনোভাবেই আর দেশে ফিরতে পারবেন না। আইন অনুযায়ী তাঁর বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

নগরীর টাউন হল এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও জীবনবীমার মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ‘যুবলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ এবং ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ