বিএনপি-জামায়াতের কর্মকাণ্ড পাকিস্তানি দূতাবাস থেকে মনিটরিং করা হয় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি-জামায়াত কখনো বিছিন্ন হবে না। জামায়াতের আমির বলেছেন তারা যুগপৎ আন্দোলনে থাকবে। এটি তাদের রাজনৈতিক কৌশল। একাত্তরে জামায়াত, পঁচাত্তরে জিয়া পাকিস্তানের পক্ষে কাজ করেছে। এখনও তাদের উত্তরসূরিরা একই কাজ করছে।
রবিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে পাকিস্তানের এ টিম, বি টিম বিএনপি-জামায়াতকে কোণঠাসা করে রাজনীতি থেকে নির্মূল করতে হবে। বাংলাদেশ থেকে পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি-জামায়াতকে যতদিন নিশ্চিহ্ন না করা হবে ততদিন তারা ষড়যন্ত্র করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশে বিএনপি-জামায়াতের রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০০৪ সালে তারেক রহমান বলেছে-ছাত্রদল, ছাত্রশিবির একই মায়ের পেটের দুই ভাই। তারা একই জায়গা থেকে তৈরি, পাকিস্তানের আদর্শে বিশ্বাসী।
হানিফ বলেন, গাজীপুরের মালয়েশিয়া প্রবাসী এক ছেলে সেলিমকে দিয়ে মিথ্যাচার করে ভিডিও ছাড়া হয়েছে। সরকার গ্রেফতার করলে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন নিতো। একজন প্রবাসীকে গ্রেফতার করা আওয়ামী লীগের কি দরকার? বিএনপি নেতারা এসব নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে বেড়াচ্ছে।
তিনি বলেন, কিছু বিপদগামী সৈন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে এটা সত্য, কিন্তু এর মূল চক্রান্ত করেছে পাকিস্তান ও তাদের পশ্চিমা মিত্র। তার বাইরেওমূল চক্রান্তাকারী ছিল। দেশ থেকে বিভেদ দূর করতে হলে যারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ছিল তাদের মুখোশ উন্মাোচন করা প্রয়োজন।










